• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ১৩ মিনিট পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৩৬ সকাল

লেলিহান আগুনে ভস্মীভূত পাম্প ও ঘরবাড়ি, দগ্ধ ১৬

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পর্যটন শহর কক্সবাজারের কলাতলী এলাকায় একটি নবনির্মিত এলপিজি গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণের পর লাগা আগুন প্রায় পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ‘এন আলম’ নামের একটি নতুন ফিলিং স্টেশন থেকে গ্যাস লিকেজ শুরু হয় বলে স্থানীয়রা জানান। প্রায় তিন ঘণ্টা ধরে এলাকায় গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। রাত ১০টা ২০ মিনিটের দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ১৪ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন একটি গ্যাস ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়। ট্যাংকের গ্যাস সম্পূর্ণ শেষ হওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।

রাত আনুমানিক তিনটার দিকে সেনাবাহিনী, বিমানবাহিনী, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ফিলিং স্টেশনটি সম্পূর্ণ পুড়ে যায়। পাশাপাশি অন্তত ১০টি বসতবাড়ি এবং পর্যটক পরিবহনে ব্যবহৃত ২০ থেকে ২৫টি জিপ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ মধ্যরাতে সাংবাদিকদের বলেন, ফিলিং স্টেশনটির কোনো বৈধ অনুমোদন ছিল না। গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মালিকপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দগ্ধ ব্যক্তিদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সবুকতাগিন মাহমুদ সোহেল বলেন, ছয়জন স্থানীয়ভাবে চিকিৎসাধীন আছেন। গুরুতর আহত সাতজনকে চট্টগ্রাম এবং তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলের পাশের আদর্শগ্রাম, চন্দ্রিমা হাউজিং ও জেলখানা এলাকায় প্রায় ২০ হাজার মানুষের বসবাস। স্থানীয় বাসিন্দা তৌহিদুল ইসলাম বলেন, সন্ধ্যার পর থেকেই গ্যাসের তীব্র গন্ধে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বিস্ফোরণের পর আগুন দ্রুত পাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কে অনেকে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমি উদ্দিন বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]