যশোর জেলা স্কুলের পার্শে অবস্থিত ভোলা ট্যাঙ্ক পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা ভাসতে দেখা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত তিন দিন ধরে ব্যান্ডেজযুক্ত পাটি পুকুরে ভাসতে দেখছেন স্থানীয়রা। তীব্র দুর্গন্ধে আশপাশ দিয়ে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন তারা।
স্থানীয়রা জানান, ২৩ ফেব্রুয়ারি হঠাৎ তারা দুর্গন্ধ টের পান। পরে খোঁজাখুঁজি করে পুকুরে ব্যান্ডেজ বাঁধা একটি মানুষের পা ভাসতে দেখেন। বুধবার সকালে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে বিষয়টি পৌরসভার দেখভালের আওতাধীন বলে জানিয়ে তারা ফিরে আসে। তারা আরো বলেন, পৌরসভাকে জানানো হলেও এখনো পা টি অপসারণ করা হয়নি। দুর্গন্ধ আরও বেড়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, বিষয়টি পৌরসভার সঙ্গে আলোচনা হয়েছে এবং অপসারণের দায়িত্ব তাদের।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ বলেন, কয়েক দিন আগে একই পুকুর থেকে একটি পা উদ্ধার করা হয়েছিল। আবারও পা পাওয়া গেছে বলে তিনি শুনেছেন। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তা অপসারণ করা হবে বলে জানান তিনি।
এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মুজিব সড়কে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে। সেখান থেকে অপারেশনের পর কোনোভাবে পা টি ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর