দক্ষিণী সিনেমা জগতের জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা এবং রাশমিকা মন্দানা আজ (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুরে এক রাজকীয় অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে তারা একসঙ্গে নতুন জীবনের যাত্রা শুরু করতে যাচ্ছেন। এই আনন্দঘন মুহূর্তকে আরও স্মরণীয় করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-এর শুভেচ্ছাবার্তা।
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বিজয় ও রাশমিকার দুই পরিবারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, বিজয় ও রাশমিকার বিয়ের আমন্ত্রণ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছেন। দেবরকোন্ডা এবং মন্দানা পরিবারকে এই আনন্দঘন অনুষ্ঠানের জন্য তার আন্তরিক শুভেচ্ছা।
বার্তায় আরও উল্লেখ রয়েছে, এটি বিজয় ও রাশমিকার জীবনের নতুন ও সুন্দর অধ্যায়ের সূচনা। সাত পা একসাথে এগিয়ে তারা এখন থেকে জীবনসঙ্গী ও বন্ধু হিসেবে একে অপরের পাশে থাকবেন। সিনেমার জগতে তারা পরিচিত হলেও, বাস্তব জীবনের এই নতুন যাত্রা প্রেম, স্নেহ ও বন্ধুত্বে ভরা, যা রূপালি পর্দার জাদুকেও ছাড়িয়ে যাবে।
চিঠির শেষাংশে মোদি লিখেছেন, আগামী দিন, মাস ও বছরগুলো তাদের ভাগাভাগি করা স্বপ্ন এবং পরিপূর্ণতায় ভরে উঠুক। তারা একে অপরের শক্তি থেকে শিখবে, অপূর্ণতাকে আলিঙ্গন করবে এবং সত্যিকারের জীবনসঙ্গী হিসেবে দায়িত্ব ভাগাভাগি করে চলবে।
সম্প্রতি এই জুটি সামাজিক মাধ্যমে আবেগঘন পোস্টের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ভক্তদের প্রিয় নাম বিরোশকে সম্মান জানিয়ে তারা লিখেছেন, কোনো পরিকল্পনার আগে ভক্তদের ভালোবাসাতেই তারা এক হয়ে গেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর