রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। পুলিশের বরাতে জানা গেছে, চার বছরের সম্পর্কের টানাপোড়েন এবং অন্য কারও সঙ্গে সম্পর্কের সন্দেহ থেকে ক্ষুব্ধ হয়ে সিয়াম নামের এক যুবক তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে।
ঢাকার রায়েরবাজার এলাকার পাঁচতলা একটি ভবনের পঞ্চম তলায় বেল্লাল হোসেন ও তাঁর স্ত্রী নাদিয়ার সঙ্গে ভাড়া বাসায় থাকত বিন্তি। বিন্তি রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। বুধবার রাত ১০টার দিকে হঠাৎ এলাকায় হৈচৈ দেখে পরিবারের সদস্যরা বাসার নিচে নেমে আসেন এবং বিন্তিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে শিকদার মেডিকেল ও এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিন্তির মা নাদিয়া জানান, ঘটনার রাত বিন্তি ও তার ছোট ভাই নাবিল বাইরে বের হয়। কিছুক্ষণ পর নাবিল মসজিদে চলে গেলে হঠাৎ হইচই শুনে তিনি নিচে নেমে দেখেন, বিন্তিকে কুপিয়ে ফেলে রাখা হয়েছে। নাদিয়া অভিযোগ করেন, “সিয়াম দীর্ঘদিন ধরে মোবাইলে বিন্তিকে উত্ত্যক্ত করত। আজ আমার মেয়েকে হত্যা করেছে। আমরা বিচার চাই।”
হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিন্তি ও সিয়াম একসঙ্গে হাঁটছিল এবং কথোপকথন করছিল। এক পর্যায়ে সিয়াম বিন্তিকে অন্য একজনের সঙ্গে সম্পর্কের অভিযোগে জিজ্ঞাসাবাদ করে এবং উত্তেজনার এক পর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার সাত থেকে আট ঘণ্টার মধ্যে কলাবাগান এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে রক্তমাখা ছুরি ও একটি গেঞ্জি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম দাবি করেছে, তারা চার বছর ধরে সম্পর্কিত ছিল এবং মেয়েটি অন্য কারও সঙ্গে সম্পর্কের কারণে সে ক্ষুব্ধ হয়ে হত্যার পরিকল্পনা করেছিল।
তবে নিহতের পরিবার দাবি করেছেন, তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না; বরং দীর্ঘদিন ধরে সিয়ামের হয়রানির জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সঙ্গে অন্য কোনো কারণ বা মাদকচক্রের সম্পর্ক আছে কি না তা যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দ্রুত চার্জশিট দাখিলের প্রস্তুতি নিচ্ছে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
এক্সক্লুসিভ এর সর্বশেষ খবর