মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখেও এক ম্যাচের নিষেধাজ্ঞা এড়িয়েছেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। লিগের ‘গুড বিহেভিয়ার’ বা সুআচরণ নীতির সুবিধা পাওয়ায় আপাতত নিষেধাজ্ঞার ঝুঁকি নেই আর্জেন্টাইন মহাতারকার। ফলে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামতে বাধা নেই তাঁর।
সর্বশেষ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে হলুদ কার্ড দেখেন মেসি। ম্যাচের ৪৪ মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার স্যামুয়েল গুইডিকে ফাউল করায় রেফারি তাঁকে হলুদ কার্ড দেখান। তবে পাঁচ হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞার নিয়ম থাকলেও বিশেষ সুবিধায় তা এড়িয়েছেন তিনি।
চলতি মৌসুমে এর আগে কলোরাডো র্যাপিডস, অরল্যান্ডো সিটি, ন্যাশভিল ও আটলান্টার বিপক্ষেও হলুদ কার্ড দেখেছিলেন মেসি। এমএলএসের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সংখ্যক হলুদ কার্ড জমা হলে একজন খেলোয়াড়কে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। তবে ধারাবাহিকভাবে শৃঙ্খলাপূর্ণ আচরণের জন্য রয়েছে বিশেষ ছাড়।
এই নিয়মের নাম ‘গুড বিহেভিয়ার’। এর আওতায় কোনো খেলোয়াড় টানা পাঁচ বা তার বেশি ম্যাচ হলুদ কার্ড ছাড়া খেলতে পারলে তাঁর ডিসিপ্লিনারি রেকর্ড থেকে একটি হলুদ কার্ড বাদ দেওয়া হয়। তবে পুরো মৌসুমে একজন খেলোয়াড় সর্বোচ্চ তিনবার এই সুবিধা নিতে পারেন।
মেসি চলতি মৌসুমে ইতোমধ্যে দুবার এই সুবিধা পেয়েছেন। অরল্যান্ডো সিটি ও ন্যাশভিলের মধ্যবর্তী সময়ে টানা পাঁচ ম্যাচ কার্ড ছাড়াই খেলেছিলেন তিনি। একইভাবে পরবর্তী হলুদ কার্ড দেখার আগে টানা ১০ ম্যাচ কার্ডমুক্ত ছিলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
ফলে সিনসিনাটির বিপক্ষে নতুন করে হলুদ কার্ড দেখলেও মেসির কার্যকর হলুদ কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে। তাই আপাতত নিষেধাজ্ঞার শঙ্কা থেকে মুক্ত তিনি।
সবকিছু ঠিক থাকলে রোববার নিয়মিত মৌসুমের ৩৩তম ম্যাচে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে ইন্টার মায়ামির জার্সিতে মাঠে দেখা যাবে মেসিকে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর