বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রহস্যজনকভাবে জাতীয় পতাকা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানোর ঘটনা ঘটেছে।
আজ ২৭ ফেব্রুয়ারি (২০২৬) সকাল থেকে স্থানীয়রা দলীয় কার্যালয়ের সামনে এই দৃশ্য দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতের কোনো এক সময় বা আজ খুব ভোরে জনশূন্য অবস্থায় এই পতাকা ও ছবিগুলো টাঙিয়ে রেখে যাওয়া হয়েছে। সকালে বাজারের ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা জাতীয় পতাকার পাশাপাশি বঙ্গবন্ধু এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিগুলো দেখতে পান।
সংগঠনটির রাজনৈতিক কার্যক্রম সরকারিভাবে নিষিদ্ধ হওয়ার পর এমন আকস্মিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্যালয়ের সামনে ছবি ও পতাকা থাকলেও সেখানে নিষিদ্ধ সংগঠনটির কোনো নেতাকর্মীর দেখা মেলেনি। এ বিষয়ে তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
অন্যদিকে, সংবেদনশীল এই বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো দাপ্তরিক বা অফিসিয়াল বক্তব্য পাওয়া যায়নি। নিষিদ্ধ সংগঠনের পক্ষ থেকে এমন কর্মকাণ্ড প্রশাসনের নজরদারিতে আছে কি না, তা নিয়ে স্থানীয়দের মাঝে ধোঁয়াশা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও এভাবে প্রকাশ্যে ছবি ও পতাকা প্রদর্শনের মাধ্যমে সংগঠনটি পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা ও কৌতুহল চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর এর কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর