নরসিংদীর মাধবদীতে গণধর্ষণের পর এক কিশোরীকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহাত আব্দুল্লাহ বলেন, “স্বাধীন দেশে আজ আমাদের মা-বোনরা আজ নিরাপদ নয়। ১৫ দিন আগের ধর্ষণের ঘটনার বিচার আজ আমাদের চাইতে হচ্ছে। এই ঘটনায় পাঁচজন গ্রেপ্তার হলেও মূল অভিযুক্ত এখনো ধরাছোঁয়ার বাইরে। দেখেছি ধর্ষকদের একটি রাজনৈতিক দলের আশ্রয় দিচ্ছে। সেই দলটি এখনও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় নি। যদি তারা ধর্ষকদের রক্ষাকারী হয়ে উঠতে চায় তবে জনগণ তাদের লাল কার্ড দেখাবে। আমরা অবিলম্বে এই নরপিশাচদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া বলেন, দেশের শাসনব্যবস্থার পরিবর্তন হয় কিন্তু বিচারব্যবস্থা একটি ধর্ষণ, হত্যা-খুনের সঠিক বিচার করতে পারে না। আমরা এই ঘটনার দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই সঙ্গে দেশে সংঘটিত সব অপকর্মের বিচার দাবি করছি। একটি পক্ষ এখন ফ্যাসিবাদী আমলের অপকর্ম পুনরায় শুরু করেছে। দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব।”
মাসুম/সাএ
সর্বশেষ খবর