বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগকে ‘গণবিরোধী’ সিদ্ধান্ত আখ্যা দিয়ে তার অপসারণ দাবি করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরে জাতীয় ছাত্রশক্তি।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মো. সিয়াম বলেন, মোস্তাকুর রহমান পেশাগত জীবনে তৈরি পোশাকশিল্পের ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, যা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদের ক্ষেত্রে ‘স্পষ্ট কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’।
তিনি দাবি করেন, গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই সুদের হার কমানোকে প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করায় স্বার্থসংঘাতের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।
তিনি বলেন, যে ব্যক্তির নিজের নামে ৮৯ কোটি টাকার ঋণ রয়েছে, তিনি সুদের হার কমানোর কথা বললে প্রশ্ন ওঠে এটি দেশের অর্থনীতির স্বার্থে, নাকি ব্যক্তিগত স্বার্থে।
সংবাদ সম্মেলন থেকে জাতীয় ছাত্রশক্তির এ নেতা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো-
১. অবিলম্বে ব্যবসায়ী মোস্তাকুর রহমানের বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে জারি করা প্রজ্ঞাপন বাতিল করতে হবে।
২. ‘বাংলাদেশ ব্যাংক গভর্নর নিয়োগ বিধিমালা’ প্রণয়ন করে গভর্নরের ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে হবে।
৩. বাংলাদেশ ব্যাংকের ভেতরে অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর