নাটোরের নলডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বিপরুল ইউনিয়নের বাঁশভাগ এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাঁশভাগ পূর্বপাড়া গ্রামের নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছে।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। আহতরা হলেন- আরব আলী, বিউটি, দুলাল, আসিফ, আনসার, লিটন, হযরত।
পিপরুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিঠুন কুমার দেব জানান, বিষয়টি দলীয় কোন সংঘর্ষ নয়। এটি শুধুমাত্র প্রতিবেশীদের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর