সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এই নোটিশ পাঠান।
শোকজ নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘন্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হল।
এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন। তবে তানভীর বারী হামিম কোন ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তা নোটিশে উল্লেখ নেই।
এদিকে এক ভিডিও বার্তায় হামিম বলেন, ২৬ ফেব্রুয়ারি ইফতার মাহফিলের আয়োজন করি। সেই ইফতার মাহফিল কেন করেছি, সেজন্য না-কি আমাকে শোকজ করা হয়েছে। অথচ আমাকে শোকজ নোটিশ না দিয়ে সেটি শুধু ফেসবুকে আপলোড করা হয়েছে। বিগত ডাকসু নির্বাচনে আমার প্রাণের সংগঠন ছাত্রদল আমাকে জিএস পদে মনোনয় করেছিল। সেই নির্বাচনে প্রায় ৫ হাজার ভোট পেয়েছিলাম। তাই শিক্ষার্থীদের প্রতি একধরনের দায়বদ্ধতা থেকে, আমি ইফতারের আয়োজন করি। আমাকে লিখিত জবাব দিতে, বলা হয়েছে কিন্তু আমি সেই জবাব দিবো না। এমন কোন বড় অন্যায় করিনি যে, ডিরেক্ট আমাকে পাঠানো যাবে না। যদি এই কাজের কারণে আমার ভুল হয়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একই সঙ্গে আমার সঙ্গে এটি যদি অন্যায় হয়ে থাকে, এর ভার আপনাদের উপর দিচ্ছি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর