ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
হামলা শুরুর পরপরই ইসরায়েলের বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ‘নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলতে আহ্বান জানানো হচ্ছে। যেকোনো ধরনের হুমকি নস্যাৎ করতে কাজ করছে ইসরায়েলি বিমান বাহিনী।’
এর আগে ইসরায়েলের হামলার পরপরই বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক কর্মকর্তা জানান, তাদের এবারের জবাব হবে বিধ্বংসী।
এদিকে হামলার মুখে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে ‘নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে’ বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় তেহরানে ছিলেন না খামেনেয়ি। তিনি তখন কোন শহরে ছিলেন–তা পরিষ্কার করা না হলেও প্রতিবেদনে যোগ করা হয়, খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ঘটনায় কঠোর বার্তা দিয়েছেন ইরান সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আমরা তোমাদের সতর্ক করেছিলাম! এখন তোমরা এমন একটি পথে যাত্রা শুরু করেছ যার শেষ আর তোমাদের নিয়ন্ত্রণে নেই।
এর আগে, তেহরানের অতি-সুরক্ষিত পাস্তুর জেলায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানে প্রেসিডেন্টের কার্যালয় ও সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। তবে হামলার পর দ্রুতই প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর