পাঁচটি মামলায় জামিন পাওয়ার একদিনের মাথায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় সেলিম মন্ডল হত্যা মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ তুলে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে পুলিশ এ বিষয়ে আবেদন করে। ফলে তার দ্রুত মুক্তির সম্ভাবনা কমে গেছে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের ডাচবাংলা ভবনের নিচতলায় আগুনে পুড়ে ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মন্ডলসহ তিনজন নিহত হন। এ ঘটনায় কৃষক ওয়াজেদ আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মাসুম বিল্লাহ গণমাধ্যমকে জানান, আইভী এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তের এক পর্যায়ে তার নাম উঠে আসে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী গণমাধ্যমকে জানান, বর্তমানে আইভী কারাগারে থাকায় আদালতের নির্দেশে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার আইভী ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি, আবদুর রহমান, ইয়াছিন এবং পারভেজ হত্যা ও সদর মডেল থানায় করা হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় জামিন পান।
কুশল/সাএ
সর্বশেষ খবর