ইসরাইল ও যুক্তরাষ্ট্র-এর যৌথ হামলার পর ইরানকে ঘিরে পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগ্রাসনের জবাবে ইসলামি প্রজাতন্ত্রের বাহিনী ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। এদিকে ইসরাইল দাবি করেছে, তারা ইরানের শতাধিক সামরিক স্থাপনায় আঘাত হেনেছে।
এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, দেশটির বিমান বাহিনী ইরানের পশ্চিমাঞ্চলে ব্যাপক বিমান অভিযান পরিচালনা করছে। তাদের দাবি, এসব হামলায় সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রসহ বিভিন্ন কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
দখলদার এই বাহিনী আরও জানায়, ইসরাইলি বিমান বাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানোর চেষ্টা করছে।
এর আগে তৃতীয় দফায় প্রতিশোধমূলক হামলা শুরু করেছে তেহরান। এর পর ইসরাইলের রাজধানী তেল আবিবে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এছাড়া উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালাচ্ছে ইরান, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে।
ইরানে হামলায় সহযোগিতা করা ও সমর্থন দেওয়ার অভিযোগে আরব দেশগুলোর মাটিতে প্রতিশোধমূলক আঘাত হানছে ইরান। এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সব স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করছে ইসলামি প্রজাতন্ত্রের বাহিনী।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের কঠোর জবাব দিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে। ইতোমধ্যে দেশটির মিসাইলগুলো আঘাত হেনেছে উপসাগরীয় দেশগুলোতে। এতে আরব আমিরাতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সূত্র: আলজাজিরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর