কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম, মাসুদুর রহমান ও দুলাল মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। তিনি জানান, ড্রোন হামলায় বিমানবন্দরে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ার কারণে চার প্রবাসী আহত হয়েছেন।
উপসাগরীয় এলাকায় শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতিতে কুয়েতে থাকা সব প্রবাসী বাংলাদেশিকে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস নিরাপত্তার কারণে সবাইকে সামরিক স্থাপনার আশপাশে না থাকার, বাসায় বা নিরাপদ স্থানে অবস্থান করার এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনার ব্যর্থতার পর গত ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জবাবে ইরানও ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে।
শুধু ইসরায়েলেই নয়; যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোতেও হামলা চালাচ্ছে দেশটি। এরই অংশ হিসেবে কাতার, সৌদি আরব, বাহরাইন, জর্ডান, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইরান। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হয়েছে ড্রোন হামলা। এতে বিমানবন্দরের টার্মিনাল–১ ক্ষতিগ্রস্ত হয় এবং বেশ কয়েকজন কর্মী আহত হন।
কুশল/সাএ
সর্বশেষ খবর