মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, বিগত সময়ে মানুষকে দেখানোর জন্য অযথা খরচ করা হয়েছে। এখন এগুলো বন্ধ করতে হবে। সবাইকে মনে রাখতে হবে দেশে একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব প্রাপ্ত হয়েছে ।
রবিবার বিকালে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস এর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী পুতুল আরও বলেন, জনগণ আর কখনোই ৫ আগষ্টের পূর্বের বাংলাদেশে ফিরে যেতে চায়না। তাই মনে রাখতে হবে আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি, তাদের ৫ বছর পরেই জনগনের কাছেই ফিরতে হবে। জনগণকে দেয়া সকল প্রতিশ্রুতি পালন করার জন্য সকলেই দোয়া চান তিনি।
নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবির প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নর্থ বেঙ্গল সুগার মিলকে একটি সিস্টেমে নিয়ে এসে, সকল অনিয়মকে নিয়মে পরিণত করে আখচাষী, শ্রমিক এবং কর্মকর্তাদের মধ্যে একটি চমৎকার সমন্বয় করে এই নর্থ বেঙ্গল সুগার মিলের যে প্রোডাকশন ক্ষমতা যে আছে, এই উৎপাদন ক্ষমতাকে আরো বাড়ানোর জন্য এবং একটি আধুনিক সুগার মিল তৈরি করার জন্য যা যা করা প্রয়োজন তার সকল ব্যবস্থা করবেন তিনি।
অনুষ্ঠান শেষে তিনি সুগার মিলটি পরিদর্শন করেন। পরে বাগাতিপাড়া উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে আলোচনায় অংশ নেন তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর