মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন টয়লেট ও বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আবর্জনা পরিষ্কার করেন সংসদ সদস্য। পাশাপাশি সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, শুধু নিজের ঘর নয়, সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। এসব প্রতিষ্ঠানকে বাসযোগ্য ও ব্যবহার উপযোগী রাখতে সবাইকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানে সেবা নিতে গিয়ে সেগুলোকে নিজের বাড়ির মতো মনে করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাঁদের পাশে থাকতে চান। তাঁর কর্মী হিসেবে তাঁরাও মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর।
এ জন্য জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর