বগুড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাইফুল ইসলাম (৪৫) নামের এক জামায়াত নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তারেক (৩০) নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের মাববুব নগর এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টায় সাইফুল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে।
নিহত সাইফুল ইসলাম শহরের খান্দার এলাকার মৃত নওশেদ আলীর ছেলে। তিনি জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার ওলামা বিভাগের রুকন ছিলেন। তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন শহর জামায়াতের প্রচার সম্পাদক ইকবাল হোসেন। গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের খান্দার ভিআইপি রোড এলাকার মেহেদী হাসান টিটু ও মোস্তাকিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া সদর থানাধীন এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাইফুল ইসলাম ও তারেককে আঘাত করে গুরুতর আহত করে। পরে সকাল ১১টার দিকে তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সার্জারি বিভাগে ভর্তি করার পরামর্শ দেন। পরে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়। আহত তারেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ডের ঘটনা বলে আমরা জানতে পেরেছি। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর