বগুড়া শহরের প্রাণকেন্দ্র স্টেশন রোড এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সাদ্দাম হোসেন (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বিআরটিসি মার্কেটের সামনে এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। আহত সাদ্দাম হোসেন জেলার শাজাহানপুর উপজেলার লতিপুর মধ্যপাড়া এলাকার মো. আব্দুল মান্নানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সাদ্দাম হোসেন স্টেশন রোড এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। সাদ্দামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সাদ্দামের শরীরে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
এদিকে, ব্যস্ততম এলাকায় এই হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার পরপরই এলাকায় উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বগুড়া থানা অফিসার মনিরুল ইসলাম, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে এবং জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। কেন এই হামলা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর