ওয়াশিংটন ডিসি থেকে সাংবাদিক ম্যানুয়েল রাপালো জানিয়েছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্য ও কৌশল নিয়ে প্রশাসনের ভেতর থেকে কিছুটা ‘মিশ্র বার্তা’ পাওয়া যাচ্ছে। এমন সংবাদ জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী Pete Hegseth তার স্বভাবসুলভ উদ্দীপ্ত ভঙ্গিতে সংবাদ সম্মেলন করেন, যা অনেক সময় সংবাদ সম্মেলনের চেয়ে সমর্থন জাগানোর সমাবেশের মতো মনে হয়।
সংবাদ সম্মেলনে তিনি একদিকে সামরিক অগ্রগতির কথা তুলে ধরেন, অন্যদিকে ইসরাইলের সঙ্গে সমন্বিতভাবে ইরানের বিরুদ্ধে চলমান অভিযানের সামরিক উদ্দেশ্য পুনর্ব্যক্ত করেন। তিনি একটি ইরানি যুদ্ধজাহাজ টর্পেডো হামলায় ডুবিয়ে দেওয়ার কথাও উল্লেখ করেন এবং দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ ধরনের ঘটনা এই প্রথম।
হেগসেথ বলেন, ইরানের আকাশসীমায় এখন যুক্তরাষ্ট্রের “অবাধ নিয়ন্ত্রণ” রয়েছে। তিনি ব্যবহৃত যুদ্ধবিমান, ড্রোন এবং অভিযানের গতি বাড়ানোর বিষয়েও কথা বলেন। পাশাপাশি “যতদিন প্রয়োজন, এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য” যুক্তরাষ্ট্রের কাছে “অসীম অস্ত্রভাণ্ডার” রয়েছে বলেও দাবি করেন।
তবে বিশ্লেষকদের মতে, হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বক্তব্যে ভাষা ও সুরের পার্থক্য স্পষ্ট। কেবল উপস্থাপনার ধরনই নয়, কী বলা হচ্ছে—সেখানেও ভিন্নতা দেখা যাচ্ছে। এতে করে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক মহলে কিছুটা বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর