স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ও সুরসাধক ওস্তাদ আয়েত আলী খাঁর কবর বিকৃতির অভিযোগ ও তা সংরক্ষণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 'কুমিল্লা বাঁচাও' মঞ্চের পক্ষ থেকে জেলা প্রশাসক ও সিটি করপোরেশনে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ১৯৬৭ সালের ০২ সেপ্টেম্বর টমছমব্রীজ কবরস্থানে এই বরেণ্য সঙ্গীতগুরুকে দাফন করা হয়। কিন্তু সম্প্রতি কুমিল্লা সিটি কর্পোরেশন কবরটি দ্বিখণ্ডিত করে অন্য একজনের নাম ব্যবহার করে কবরটি পাকা করেছে এবং সেখানে দুটি নামফলক স্থাপন করেছে। অথচ উক্ত স্থানে কেবলমাত্র ওস্তাদ আয়েত আলী খাঁর কবর রয়েছে। এভাবে কবর দ্বিখণ্ডিত করা ও অন্য নামফলক সংযুক্ত করাকে ইতিহাস বিকৃতি ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড বলে মনে করে কুমিল্লা বাঁচাও মঞ্চ।
এ ঘটনার প্রতিবাদে এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত ও সমাধানের দাবিতে আজ কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কুমিল্লা জেলা প্রশাসন এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও এর অনুলিপি পাঠানো হয়েছে। স্মারকলিপিতে দ্রুত তদন্ত করে কবরের প্রকৃত অবস্থা পুনর্বহাল, ইতিহাস বিকৃতির সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং বরেণ্য এই সঙ্গীত সাধকের কবর যথাযথ মর্যাদায় সংরক্ষণের দাবি জানানো হয়।
কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন বলেন, কুমিল্লার ইতিহাসের এক অনন্য অংশ ওস্তাদ আয়েত আলি খাঁ। নগরীর টমছমব্রীজ কবরস্থানে তাঁকে শায়িত করা হয়। দীর্ঘদিন তাঁর কবরটি সংরক্ষিত থাকলেও সম্প্রতি সিটি করপোরেশন কবরটিকে দ্বিখণ্ডিত করে দুটি নামফলক যুক্ত করে। আমরা এই ঘটনার নিন্দা জানাই। অবিলম্বে এই ইতিহাস বিকৃতিকারীদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানাই।
স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব মো: নাসির উদ্দিন, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন স্বপন, ২নং ওয়ার্ডের আহবায়ক এন এ আলীম লিটন, সদস্য সচিব মো আরিফুর রহমান আব্দুল্লাহ, ৩ নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক জাকির খান, ৪ নং ওয়ার্ডের সরদার আমিনুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের আহবায়ক শিপন মালদার, যুগ্ম আহবায়ক রিংকু, সাংবাদিক মো: মাহবুব হোসেন, এনসিপি কুমিল্লার মুখ্য সমন্বয়ক এডভোকেট আব্দুল বারী প্রমুখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর