ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি একেবারেই কম। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও বেলা ১২টা পর্যন্ত অধিকাংশ কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েনি।
সরেজমিনে সদরের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, বাঁশের বেড়া দিয়ে তৈরি করা ভোটার লাইনে মানুষ নেই, বেঞ্চে বসে অলস সময় পার করছেন পুলিশ ও আনসার সদস্যরা। কোথাও কোথাও ভোটকেন্দ্রের মাঠে কুকুর শুয়ে ঘুমাচ্ছে — এমন চিত্রও দেখা গেছে।
ভোটকেন্দ্রে দায়িত্বরত এক প্রিজাইডিং অফিসার নাম প্রকাশ না করার শর্তে বলেন, "সকাল থেকে ভোটার আসার হার খুবই কম। ৪ ঘণ্টায় ১০-১২ শতাংশ ভোট পড়েছে।"
স্থানীয় ভোটাররা বলছেন, কয়েক মাস আগেই জাতীয় নির্বাচন হয়েছে, আবার একটি আসনের জন্য উপনির্বাচন - তাই সাধারণ মানুষের মধ্যে আগ্রহ কম। এছাড়া ধান কাটার মৌসুম ও বৈরী আবহাওয়াকেও কারণ হিসেবে দেখছেন অনেকে।
রুহিয়া থেকে আসা এক ভোটার বলেন, "একটা আসনের ভোট নিয়ে মানুষের মাথাব্যথা নেই। তারপরও ভোট দিতে এসেছি নাগরিক দায়িত্ব থেকে।"
তবে ব্যতিক্রম চিত্রও আছে। দৌলতপুর সোলেমান খান বহুমুখী উচ্চবিদ্যালয় (৪৮ নং কেন্দ্র) সহ ২-১টি কেন্দ্রে সংখ্যালঘু নারী ভোটারদের সরব উপস্থিতি দেখা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার ৫ লাখেরও বেশি। সুষ্ঠু ভোটের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
স্বাধীন/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর