মাদক মামলায় এস্কেন্দার নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক শাহীদুল ইসলাম। এ রায় বৃহস্পতিবার ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি আকতার হোসেন সিদ্দিক। পলাতক আসামি এস্কেন্দার শহরের বেজপাড়া নলডাঙ্গা রোড এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। আদালত সূত্রে জানা যায়, নাভারণ সাতক্ষিরা মোড়ে এক ব্যক্তি হেরোইন নিয়ে যশোরগামী বাসের জন্য অপেক্ষা করছেন এমন সংবাদের ভিত্তিতে ২০১৭ সালের ৭ ডিসেম্বর রাত ৯টার পর শার্শা থানা পুলিশ সেখানে এক অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে এস্কেন্দার দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করেন। পরে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে দুটি পোটলায় মোট ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেন, যার আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা।
এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে এসআই মামুনুর রশিদ এস্কেন্দারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বৃহস্পতিবার রায় ঘোষণার দিনে বিচারক এস্কেন্দারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর