ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সংগঠন সাদা দল। সেই সঙ্গে বিচারের দাবি জানিয়েছে তারা।
বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এক বিবৃতিতে তা জানানো হয়।
এতে বলেন, একজন বিনয়ী ও মেধাবী শিক্ষককে তারই কার্যালয় বা কর্মস্থলে এমন নৃশংসভাবে হত্যার শিকার হওয়া কেবল ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরং দেশের পুরো শিক্ষক সমাজের জন্য এক চরম অবমাননা ও নিরাপত্তার চরম সংকটকে নির্দেশ করে। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক যখন নিজ ক্যাম্পাসে বা নিজ কর্মক্ষেত্রে নিরাপদ থাকেন না, তখন জাতির মেরুদণ্ড গড়ার কারিগররা এক ভয়াবহ ভয়ের সংস্কৃতির মধ্যে নিপতিত হন।
বিচারের দাবি জানিয়ে বলা হয়, এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা প্রকৃত কারণ উদঘাটন এবং ঘাতক ফজলুসহ (যদি অন্য কেউ জড়িত থাকে) সংশ্লিষ্ট সকলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের কর্মকালীন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলা হয়, সহকারী অধ্যাপক মরহুমা আসমা সাদিয়া রুনার রুহের মাগফিরাত কামনা করছি। সাদা দল বিশ্বাস করে, অপরাধীর পরিচয় যাই হোক না কেনো, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার দাবিতে সাদা দল ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের পাশে আছে।
এর আগে বুধবার (৪ মার্চ) ছুরিকাঘাতে সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিহত হয়েছেন। একই সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির জেরে সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনার গলায় ছুরিকাঘাত করেন ফজলুর রহমান। পরে নিজের গলায়ও ছুরি চালান।
কুশল/সাএ
সর্বশেষ খবর