শ্রীলঙ্কা উপকূলে ইরানের যুদ্ধজাহাজে সাবমেরিন হামলা হয়েছে। এ ঘটনায় বিপদ সংকেত পাঠিয়েছে যুদ্ধজাহাজটি। সংকেত পেয়ে দ্রুত পাশে দাঁড়িয়েছে প্রভাবশালী দেশ ভারতের নৌবাহিনী।
বৃহস্পতিবার (০৫ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, ইরানের ফ্রিগেট আইরিস দেনা থেকে পাঠানো বিপদ সংকেত পাওয়ার পরপরই অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়। নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বুধবার (৪ মার্চ) ভোরে জাহাজটির পাঠানো ডিস্ট্রেস কল পৌঁছে যায় মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার, কলম্বোতে। সে সময় জাহাজটি গ্যালি শহরের প্রায় ২০ নটিক্যাল মাইল পশ্চিমে অবস্থান করছিল, যা শ্রীলঙ্কার অনুসন্ধান ও উদ্ধার অঞ্চলের মধ্যে পড়ে।
সংকেত পাওয়ার পরই ভারতীয় নৌবাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে। মঙ্গলবার সকাল ১০টার দিকে একটি দূরপাল্লার সামুদ্রিক টহল বিমান উদ্ধার অভিযানে সহায়তার জন্য পাঠানো হয়। এছাড়া প্রয়োজনে দ্রুত মোতায়েনের জন্য লাইফ রাফটসহ আরেকটি বিমান প্রস্তুত রাখা হয়।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কাছাকাছি অবস্থান করা ভারতীয় প্রশিক্ষণ জাহাজ আইএনএস তরঙ্গিণীকে উদ্ধার অভিযানে সহায়তার নির্দেশ দেওয়া হয়। ফলে বিকেল ৪টার মধ্যে জাহাজটি অনুসন্ধান এলাকায় পৌঁছে যায়। এরই মধ্যে শ্রীলঙ্কার নৌবাহিনীও উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে কোচি থেকে ভারতীয় জরিপ জাহাজ আইএনএস ইক্ষাক (INS Ikshak) ঘটনাস্থলে পাঠানো হয়, যা এখনও নিখোঁজ নাবিকদের খোঁজে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে আইরিস দেনা ডুবে যায়। শ্রীলঙ্কার দক্ষিণ উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে এ ঘটনা ঘটে। জাহাজটি ডুবে যাওয়ার আগে বিস্ফোরণের খবর জানিয়ে বিপদ সংকেত পাঠায়। তবে শ্রীলঙ্কার উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেটি সম্পূর্ণভাবে সাগরে তলিয়ে যায়।
কুশল/সাএ
সর্বশেষ খবর