কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। স্থানীয় একটি নিলাম সিন্ডিকেটের সদস্যরা তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) আসরের নামাজের পর মসজিদের নিলামঘরের সামনে এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক বর্তমানে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদে দান করা বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কম দামে এসব দানের সামগ্রী কিনে নিচ্ছে। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান চারজন সংবাদকর্মী।
আহত সাংবাদিক খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু জানান, সংবাদ সংগ্রহের সময় একটি প্রভাবশালী সিন্ডিকেটের সদস্যরা হঠাৎ করে মব সৃষ্টি করে তাঁদের ওপর হামলা চালায়। এতে তাঁরা গুরুতর আহত হন।
তাঁদের অভিযোগ, হামলার সময় মসজিদের দায়িত্বে থাকা কেউ এগিয়ে আসেননি। বরং তাঁদের মধ্যে কয়েকজন ওই সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে। পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যরা আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর