পঞ্চগড় বাজারের নিউ সিটি প্রেস জোরপূর্বক দখল করে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির মালিক রেহেনা আক্তার। শুক্রবার বিকেলে পঞ্চগড় প্রেস ক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেহেনা আক্তার জানান, দীর্ঘ বিশ বছর থেকে তাঁর স্বামী গোলাম রব্বানী নিউ সিটি প্রেসের স্বত্বাধিকারী হয়ে পরিচালনা করে আসছেন। কিন্তু গোলাম রব্বানীর মৃত্যুর পর থেকেই তাঁর ভাইয়ের স্ত্রী দিল আফরোজ এবং কন্যা সুমাইয়া কায়সার গত পাঁচ বছর ধরে প্রতিষ্ঠানটি দখল করার অপকৌশল নিচ্ছেন। স্বামীর মৃত্যুর পর তাঁর নামে সরকারি লিজ হয়। কিন্তু গতকাল বৃহস্পতিবার রাতে সুমাইয়া কায়সার এবং দিল আফরোজের চক্রান্তে একদল সন্ত্রাসী তাঁর প্রতিষ্ঠানে হামলা করে। পরবর্তীতে বণিক সমিতির মীমাংসার অজুহাতে তালা মেরে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।
এমতাবস্থায় প্রেসটি বন্ধ হওয়ায় তাঁর উপার্জন বন্ধ হয়েছে। সেই সঙ্গে প্রেসের দশজন কর্মচারী কর্মহীন হয়েছেন। উপায় না পেয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত নিউ সিটি প্রেসের তালা খুলে দিতে স্থানীয় সাংসদ প্রতিমন্ত্রী সহ জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান রেহেনা আক্তার। সংবাদ সম্মেলনে রেহেনা আক্তারের মেয়ে আনিছা সহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর