খামখেয়ালি নয়— স্পিকারকে অভিভাবক হিসেবে মেনে চলেই ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালার দ্বিতীয় ও শেষ দিনের অধিবেশনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, দেশে প্রকৃত অর্থে একটি কার্যকর সংসদ গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে। বিশেষ করে নবনির্বাচিত সংসদ সদস্যরা যেন সংসদীয় কার্যক্রমে অংশ নিতে গিয়ে কোনো মানসিক চাপ অনুভব না করেন, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে।
তিনি আরও বলেন, সংসদীয় বিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন এবং সেই আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।
এসময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, 'সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি। নতুন সংসদ সদস্যরা জনপ্রত্যাশা পূরণে কাজ করবে। এই লক্ষ্যেই প্রশিক্ষণ দেয়া হচ্ছে।'
প্রসঙ্গত, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মোট ২০৮ জন সংসদ সদস্য শপথ নেন, যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে যাবেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর