নাটোরের বাগাতিপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় এক মসজিদের ইমামের ওপর হামলার ঘটনার একদিন পরই তার ছোট ভাইয়ের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। পরপর দুই দিনে একই পরিবারের দুই সদস্যের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় একটি মসজিদের ইমাম আবুল খায়েরের ওপর দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার (৭ মার্চ) রাতে ইমাম আবুল খায়েরের ছোট ভাই ইয়াকুব এর ওপর আবারও হামলার ঘটনা ঘটে। আবুল খায়ের ও ইয়াকুব উপজেলার পৌরসভা এলাকার ১ নং ওয়ার্ডের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
জানা যায়, ইয়াকুব পাশের গ্রামে তার চাচার বাড়িতে যাওয়ার পথে একা পেয়ে ৪-৫ জন হামলাকারী তাকে ঘিরে ধরে মারধর শুরু করে। প্রাণ বাঁচাতে ইয়াকুব আলী কুবাদ দৌড়ে পাশের মোজাম্মেলের বাড়িতে আশ্রয় নিতে গেলে হামলাকারীরা সেখানেও ঢুকে তাকে বেধড়ক মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
হামলাকারীদের মধ্যে মিরাজ, মিরাজের ছেলে মেহেদী ও সাইফুলসহ আরও কয়েকজন যারা তার ভাইকে জখম করেছিল তারা তাকে জখম করেছেন বলে জানিয়েছেন আহত ইয়াকুব। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইয়াকুবকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সজিবুর রহমান বলেন, রোগীর অবস্থা খুব খারাপ হওয়ায় উনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়েছে।
তবে এবিষয়ে অভিযুক্তদের বক্তব্য মুঠোফোনে একাধিকবার কল দিলেও তারা ফোন রিসিভ করেননি।
বাগাতিপাড়া মডেল অফিসার ইনচার্জ মনজুরুল আলম জানান, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর