চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার উপকূলে গড়ে ওঠা পিএইচপি শিপইয়ার্ড ও কবির স্টিল রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করেছেন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার শীতলপুরে পিএইচপি শিপইয়ার্ডে গিয়ে জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী। পরে তিনি কবির স্টিল রিসাইক্লিং ইয়ার্ডও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মন্ত্রী ইয়ার্ডের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও কর্মস্থলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ইয়ার্ডের কার্যক্রম এবং শ্রমিকদের নিরাপত্তায় নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।
মন্ত্রী বলেন, দেশে এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন। যত বেশি শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে, তত বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শিল্পের বিকাশের পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতেও গুরুত্ব দিতে হবে।
সম্প্রতি সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে দুর্ঘটনায় ১০ শ্রমিক নিহত হওয়ার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রয়েছে। এতে প্রায় অর্ধশত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। প্রতিষ্ঠানটির কার্যক্রম দ্রুত চালুর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
পরিদর্শন শেষে পিএইচপি ও কবির স্টিল রিসাইক্লিং ইয়ার্ডের সার্বিক কার্যক্রম এবং শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলম, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) প্রেসিডেন্ট মো. মহসিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতৃবৃন্দ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর