বগুড়ার শেরপুর উপজেলায় গভীর রাতে রাস্তায় রশি দিয়ে ব্যারিকেড তৈরি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ দুর্বৃত্তরা দুই মোটরসাইকেল আরোহীকে বেধড়ক মারধর করে গাছের সঙ্গে বেঁধে নগদ লক্ষাধিক টাকা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী মোস্তাক আহম্মেদ।
এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর-দোয়ালসাড়া আঞ্চলিক সড়কের বোয়াইল জোর চড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন- মির্জাপুর ইউনিয়নের মাকড়কোলা গ্রামের হায়দার আলীর ছেলে মোস্তাক আহমেদ (৫১) এবং রাজবাড়ি এলাকার রফিকুল ইসলামের ছেলে মুকুল হোসেন (২৩)। স্থানীয়রা জানান, সড়কটি রাতে বেশ নির্জন থাকে। সম্প্রতি ওই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ায় যাতায়াতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী মোস্তাক আহম্মেদ জানান, রবিবার রাতে বালুর বিল পরিশোধ করার জন্য তারা দুজন একটি মোটরসাইকেলে করে মির্জাপুরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তারা মির্জাপুর-দোয়ালসাড়া আঞ্চলিক সড়কের বোয়াইল জোর চড়া এলাকায় পৌঁছান। এ সময় অন্ধকার রাস্তায় ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল রশি টেনে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাদের দুজনকে মারধর করে সড়কের পাশের একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। এরপর তাদের সঙ্গে থাকা নগদ ১ লাখ ৫ হাজার টাকা, ১টি মোবাইল ফোন এবং ব্যবহৃত ‘জিকসার এসএফ’ মডেলের মোটরসাইকেলটি নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি কোনো ডাকাত দলের কাজ নয়, এটি ছিনতাইকারীদের ঘটনা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অপরাধী যেই হোক, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর