সিরাজগঞ্জের কাওয়াকোলা ইউনিয়ন জামায়াতের আমির ও কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলামের কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার শাহানগাছায় বিশেষ টাস্কফোর্সের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হোসাইন জানান, দাঁতের মাজন, ইঁদুর ও পিঁপড়া মারার ওষুধের কারখানা হলেও সেখানে হারপিক, কয়েল প্রস্তুত করা হচ্ছিল। অথচ প্রস্তুতকারীর জায়গায় তার কোম্পানির নাম লেখা হয়েছিল। এছাড়াও নিমের মাজনে নিম ব্যবহার করা হচ্ছিল না এবং আরও কয়েকটি পণ্য নকল করা হচ্ছিল। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া গরু-হাঁস-মুরগির ওষুধ উৎপাদন করা হচ্ছিল। পণ্যগুলোর মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল না। ফায়ার সার্ভিসের কোনো অনুমোদনপত্র না থাকা সত্ত্বেও পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার ছিল না।
এ সকল অভিযোগে কারখানার ম্যানেজারকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সাথে কারখানাটি সিলগালা করা হয়েছে। ম্যাজিস্ট্রেট জানান, সকল পণ্য যেন ভোক্তার জন্য নিরাপদ হয়, এজন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অংশ হিসেবে নর্থবেঙ্গল এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়েছে এবং জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিক জরিমানার টাকা দেওয়ায় জেল মওকুফ হয়ে গেছে। অভিযানকালে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর, ক্যাবের প্রতিনিধিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর