মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের নির্বাচনি এলাকা কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি জানিয়েছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেবীদ্বারের সব সরকারি কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হবে।
মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এলাকার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহে তিনি মূলত এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কাঠামো এবং সরকারি সেবার মান যাচাইয়ের কাজ করেছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি সরকারি কাজের তথ্য জনগণের সামনে প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
দেবীদ্বারের রাস্তাঘাটের দুরবস্থাকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং পিআইও অফিসের অধীনে বেশ কিছু সড়কের উন্নয়ন কাজ চলছে। বর্ষার আগেই এসব কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ শেষ করার কড়া নির্দেশ দেন তিনি এবং একাধিক কাজ একসঙ্গে নিয়ে ধীরগতিতে কাজ করার প্রবণতা বন্ধ করার আহ্বান জানান।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি সহায়তার তথ্য তুলে ধরে তিনি জানান, দেবীদ্বার পৌরসভায় তিন হাজার ৮১টি এবং ১৫টি ইউনিয়নে ২০ হাজার ৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি নির্দেশ দেন তিনি।
এ ছাড়া কাবিখা কর্মসূচির আওতায় ১০টি অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং দুটি খাল পুনঃখননের পরিকল্পনার কথাও জানান সংসদ সদস্য।
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে ‘জবাবদিহিতা’ নামে একটি নতুন ফেসবুক পেজ চালুর ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। এই পেজে প্রকল্পের বরাদ্দ, অগ্রগতি এবং বিভিন্ন সরকারি সহায়তার তথ্য নিয়মিত প্রকাশ করা হবে বলে জানান তিনি।
লাইভে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনার পাশাপাশি দুর্নীতিবাজ কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি। সরকারি সেবার সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য বলে উল্লেখ করেন এই সংসদ সদস্য।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর