যশোরের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক পুলিশি অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধারসহ ৬ কারবারি আটক হয়েছে।
পুলিশের একাধিক সুত্র জানায়, যশোরের বাঘারপাড়া উপজেলায় পুলিশের অভিযানে ২০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে যশোর কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার বন্দবিলা ইউনিয়নের মথুরাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ইমরান হাসান (৪০) এবং তেলীধান্যপাড়া গ্রামের আজগর আলীর ছেলে ইখলাছ হোসেন (৩৯)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাজুরা বাজারের শিবের মোড় এলাকায় 'বন্ধু মোটরসাইকেল শোরুম'-এ অভিযান চালানো হয়। খাজুরা পুলিশ ক্যাম্পের এসআই পিটু কুমার মণ্ডল ও এএসআই রাশেদ সর্দারের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ইমরান হাসানের কাছ থেকে ১৩০ পিস এবং ইখলাছ হোসেনের কাছ থেকে ৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
অপরদিকে, ডিবি পুলিশ ৪০ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপসহ তিনজনকে আটক করেছে।
শনিবার রাত ৮টার দিকে যশোর শহরের আরবপুর দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন চৌগাছা উপজেলার চান্দা আফরা গ্রামের আনার মিয়ার ছেলে রকিবুল ইসলাম (৩৫), যশোর শহরের পুরাতন কসবা বিবি রোডের সাইদুল ইসলাম শেখের ছেলে ওহিদুল ইসলাম ওহিদুল (৩৫) এবং পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত আতাহার উদ্দিনের ছেলে আরাফাত মোল্লা (২৮)।
ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, শনিবার ইফতারের পর রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আরবপুর দিঘিরপাড় এলাকায় ফোর্স নিয়ে গেলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪০ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপ জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। রোববার দুপুরে আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া, যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৫২ বোতল বিদেশি মদসহ হেদায়েত শিকদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে যশোর শহরের শেখহাটি খাঁপাড়া ও বাবু বাজার ঝালাইপট্টি এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক হেদায়েত শিকদার যশোর শহরের শেখহাটি খাঁপাড়া এলাকার সাহেব আলী শিকদারের ছেলে। তিনি শহরের বাবু বাজার ঝালাইপট্টি এলাকার ‘হোটেল পলাশ আবাসিক’-এর ম্যানেজার হিসেবে কর্মরত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। প্রথমে হেদায়েত শিকদারের নিজ বসতঘর এবং পরবর্তীতে তার কর্মস্থল ‘হোটেল পলাশ আবাসিক’-এ তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। সংস্থাটি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর