কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর বাজারে ইউরিয়া সারের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
দেবপুর বাজারে বিসিআইসি সার ডিলারের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন।
জানা যায়, দেবপুর বাজারে ইউরিয়া সারের ৫০ কেজি বস্তার সরকারি মূল্য ১ হাজার ২৫০ টাকা হলেও সেখানে বিভিন্ন অজুহাতে ৭ কেজি সারের মূল্যসহ মোট ১ হাজার ৬৫০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। এতে স্থানীয় কৃষকদের অতিরিক্ত টাকা দিতে বাধ্য হতে হচ্ছিল বলে অভিযোগ ওঠে।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে উপজেলা কৃষি অফিস, বুড়িচং-এর প্রসিকিউশনের ভিত্তিতে দেবপুর বাজারের 'ন্যাশনাল ট্রেডার্স' নামের ডিলারকে খুচরা ব্যবসায়ীদের কাছে সারের অতিরিক্ত মূল্য রাখার দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার এবং বুড়িচং থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের স্বার্থ রক্ষায় সারের বাজারে নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত মূল্য আদায় করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর