নাটোরের লালপুরে বালুবাহী ট্রাকের চাপায় তিনজন নিহত এবং আরও চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে ঈশ্বরদী-লালপুর আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লালপুর উপজেলার ভেল্লাবাড়িয়া এলাকার মৃত জোয়াকুল ইসলাম জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), বড়বাদকয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে মনির (২৭) এবং ছোট বাদকয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে বাবুল (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে সাতটার দিকে নবীনগর এলাকায় একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। পরে ট্রাকটি একটি বাড়ির পাকা দেয়ালে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম নামে এক যাত্রী নিহত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চারঘাট এলাকায় পৌঁছালে মনির নামে আরেক যাত্রীর মৃত্যু হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর পর বাবুল নামে আরেকজন যাত্রী মারা যান।
আহতদের মধ্যে রাজিবুল ইসলাম বর্তমানে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত রাজিবুল ইসলাম জানান, তারা পেঁয়াজ তোলার কাজে অটোরিকশা ভাড়া করে ফরিদপুর এলাকায় যাচ্ছিলেন। পথে নবীনগর এলাকায় পৌঁছালে বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দেয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে এবং জাহিদুল ও মনিরের মরদেহ থানায় রাখা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর