• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৫০ সেকেন্ড পূর্বে
সোলায়মান বাবু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৮:৩২ রাত

সরিষাবাড়ীতে বিবাদ মেটাতে গিয়ে যুবকের হত্যার সংবাদে প্রাণ হারালেন প্রতিবেশীও

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জামালপুরের সরিষাবাড়ীতে ঝগড়া থামাতে গিয়ে সোহেল রানা (৩৫) নামে এক যুবক নিহত হওয়ার সংবাদ সইতে না পেরে প্রতিবেশী বন্ধু মঞ্জু মিয়া (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। হামলায় আরও দুই নারী আহত হন। সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের ঢোলভিটি পূর্ব পাড়া গ্রামের লিটন মিয়ার কন্যা শিলা আক্তারের (১৬) সাথে পার্শ্ববর্তী চাঁপারকোনা গ্রামের রনির প্রায় এক মাস আগে পারিবারিকভাবে কাবিন সম্পন্ন হয়। কথা ছিল ঈদুল ফিতরের পর আনুষ্ঠানিকভাবে কনে তুলে নেওয়া হবে। কিন্তু হঠাৎ শিলা এই বিয়ে অস্বীকার করলে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

সোমবার রাতে রনি তার এলাকার মাতব্বর ও বন্ধুদের নিয়ে বিষয়টি মীমাংসা করতে শিলাদের বাড়িতে যান। আলোচনা চলাকালে উভয় পক্ষের মধ্যে ব্যাপক বাকবিতণ্ডা ও একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। ঘটনার সময় প্রতিবেশী সোহেল রানা ঘুম থেকে উঠে ঝগড়া থামাতে শিলাদের বাড়িতে ছুটে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে পৌঁছানো মাত্রই তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে পাশের একটি ধানক্ষেতে ফেলে রাখার পর স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সোহেল ওই গ্রামের শাহজাহান আলীর পুত্র।

সোহেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এই খবর শুনে তাকে দেখতে গিয়ে মঞ্জু মিয়া নামের এক প্রতিবেশী বন্ধু ঘটনাস্থলেই হার্ট অ্যাটাক করেন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। একই রাতে দুই ব্যক্তির মৃত্যুতে গ্রামজুড়ে এখন শোকের মাতম চলছে। এই সংঘর্ষে হাসনা বেগম (২০) ও সাহেরা বেগম (২৫) নামে আরও দুইজন আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহত সোহেলের চাচা দুলাল মিয়া আক্ষেপ করে বলেন, "সোহেল সম্পূর্ণ নির্দোষ ছিল। সে কেবল ঝগড়া থামাতে গিয়েছিল। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার চাই।"

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com