রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালি উপজেলায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এলাকার তিনটি পাম্পের বেশিরভাগ ফিলিং স্টেশনেই তেল না থাকায় যানবাহনের চালক ও মালিকদের ফিরে যেতে হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বুধবার (২৫ মার্চ) সকাল থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে তেল নিতে ভিড় করেন গাড়িচালক ও মোটরসাইকেল চালকরা। তবে অধিকাংশ স্টেশনেই পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় অনেককে দীর্ঘক্ষণ অপেক্ষা করে শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হচ্ছে। দীর্ঘ লাইনে কয়েক ঘণ্টা অপেক্ষার পর কোনো কোনো পাম্পে মাত্র ২০০ টাকার তেল পাওয়া যাচ্ছে, যা চাহিদার তুলনায় অপ্রতুল বলে জানান তেল নিতে আসা মোটরসাইকেল চালকরা।
এদিকে, ২৪ মার্চ ২০২৬ তারিখ বিকাল ৩টায় কালুখালি উপজেলা নির্বাহী অফিসার, মো: মেজবাহ উদ্দিন কালুখালী উপজেলার একমাত্র ফিলিং স্টেশনে তেল বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি তেলের রিজার্ভ, চালান এবং রেজিস্ট্রার যাচাই করেন। তিনি সিরিয়াল মেনে সবাইকে তেল বিক্রয় নিশ্চিত করার এবং খোলা বাজারে তেল বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা দেন।
পাম্পে তেলের সরবরাহ বৃদ্ধির জন্য ইউএনও যমুনা তেল কোম্পানির এজিএম-এর সঙ্গে কথা বলেন। কথা বলা শেষে সাংবাদিকদের তিনি জানান যে, অকটেনসহ অন্যান্য তেলের সরবরাহ নিশ্চিতে তারা কাজ করছেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি নিশ্চিত করেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর