যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এআই জেনারেটেড বা ম্যানিপুলেটেড ছবির মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। তবে ছবিটি নিয়ে ছড়ানো দাবি নাকচ করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসা বিশ্বনেতা ও তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত রিসেপশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান অংশ নেন। ওই অনুষ্ঠানের একটি ছবি হোয়াইট হাউস থেকে পাঠানোর পর তা জনসাধারণের জন্য প্রকাশ করা হয়।
প্রেস উইংয়ের দাবি, রিসেপশনের প্রকাশিত ওই ছবি নিয়ে একটি পক্ষ অপপ্রচার শুরু করেছে। মূল ছবিটিকে মিথ্যা প্রমাণের চেষ্টা করতে এর সঙ্গে একটি এআই-জেনারেটেড ছবি যুক্ত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এআই-জেনারেটেড ওই ছবিতে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি ছবিকে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। সেখানে ট্রাম্পকে একটি কার্ডবোর্ডের কাটআউট হিসেবে দেখানো হয়েছে। ওই ছবিটিকেই সত্য হিসেবে উপস্থাপন করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রকাশিত ছবিটিকে মিথ্যা দাবি করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে প্রেস উইং।
প্রেস উইং আরও জানায়, আলবেনিয়াভিত্তিক সংবাদ ও বিশ্লেষণধর্মী প্ল্যাটফর্ম Pamfleti.net-এ গত ২ অক্টোবর প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে কসোভোর প্রধানমন্ত্রীর কথিত ওই ছবি যাচাই-বাছাই করা হয়। প্রতিবেদনে ছবিটিকে পুরোপুরি এআই-জেনারেটেড ও ম্যানিপুলেটেড হিসেবে উল্লেখ করা হয়েছে বলে প্রেস উইংয়ের বিবৃতিতে জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, যে ছবিটিকে সংশ্লিষ্ট প্রতিবেদনে এআই-জেনারেটেড বা ম্যানিপুলেটেড হিসেবে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সেই ছবিকেই ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের রিসেপশনে অংশগ্রহণের প্রকাশিত ছবিটিকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
প্রেস উইংয়ের ভাষ্য, হোয়াইট হাউস থেকে পাঠানো এবং পরে প্রকাশিত মূল ছবিকে বিতর্কিত করতে ভিন্ন একটি এআই-নির্মিত ছবিকে ব্যবহার করা হচ্ছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর