সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট।
শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
গত বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকায় বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।
তিনি অভিযোগ করেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। বর্তমান সরকার শেখ হাসিনা-এর মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি। জনস্বার্থ রক্ষায় রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই বলে জানান।
তিনি বলেন, “সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে। সংবিধান সংশোধনের মাধ্যমে সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে। জনগণের রায় মূল্যায়ন না করলে রাজপথের আন্দোলনের বিকল্প নেই।”
হামিদুর রহমান আজাদ আরও বলেন, “১১ দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনো পথ নেই। শনিবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।”
এ সময় তিনি সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপন এবং জ্বালানি সংকট সমাধানে ব্যর্থতার সমালোচনা করেন।
জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ৭ এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদি আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর