বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শাহানাজ বেগম (৭০) নামে অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। তিনি কৃষি ব্যাংকের সাবেক প্রিন্সিপাল ছিলেন।
শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ময়দানহাটা ইউনিয়নের নন্দীপুর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহানাজ বেগম ওই এলাকার মৃত আবুল খালেকের স্ত্রী।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ময়দানহাটা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নয়ন মন্ডল জানান, মোবাইল ফোনে গ্রাম পুলিশের কাছ থেকে প্রথম ঘটনাটি জানতে পারেন তিনি। পরে স্থানীয় সাবেক ইউপি সদস্য আইনুলের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে কয়েকজনকে সঙ্গে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এ সময় পুলিশও সেখানে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম শুরু করে।
তিনি আরও বলেন, বর্তমানে পুলিশ ঘটনাস্থলে থেকে তদন্ত করছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে। তবে এখনো হত্যার কারণ বা জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে ওসি শাহীনুজ্জামান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর