বগুড়ার শিবগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মোমেনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (৫ এপ্রিল) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের জাবারীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন একই গ্রামের বাসিন্দা বাবু সরকারের স্ত্রী।
নিহতের মেয়ে শেফালী জানান, তার ফুফু তানজিলার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে রোববার সকালে তার সঙ্গে তানজিলার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এসময় মোমেনা খাতুন এগিয়ে এলে তানজিলা, তার ছেলে জেলাল ও পুত্রবধূ স্বপ্না মিলে তাকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে কথা কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর