তৌফিকা গ্রুপ ও লাভেলো আইসক্রিম পিএলসি-এর সাবেক কর্মীদের বকেয়া পাওনা পরিশোধ এবং মালিকপক্ষের হয়রানি বন্ধের দাবিতে চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছে লাভেলো আইসক্রিম পিএলসি-এর সাবেক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে লাভেলো আইসক্রিম কর্তৃপক্ষের কাছ থেকে বকেয়া পাওনা আদায়ের লক্ষ্যে এক মানববন্ধনের আয়োজন করেন তৌফিকা গ্রুপ ও লাভেলো আইসক্রিম পিএলসি-এর সাবেক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, আমরা তৌফিকা গ্রুপ ও লাভেলো আইসক্রিম পিএলসি-এর সাবেক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ আজ প্রেসক্লাবের সামনে সমবেত হয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে। অত্যন্ত পরিতাপের বিষয় যে, চাকরি ছাড়ার ২-৩ বছর অতিবাহিত হওয়ার পরেও আমাদের আইনসম্মত 'সেটেলমেন্ট' বা পাওনা টাকা পরিশোধ করা হয়নি। উপরন্তু, পাওনা দাবি করলে মালিকপক্ষ থেকে আমাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হচ্ছে।
এই অন্যায়ের প্রতিবাদে আমাদের ৫ দফা দাবি নিম্নরূপ:
১. বকেয়া পাওনা পরিশোধ: চাকরি শেষে আইন অনুযায়ী প্রাপ্য গ্র্যাচুইটি, অর্জিত ছুটি, প্রভিডেন্ট ফান্ড এবং বকেয়া বেতনসহ সকল প্রকার সেটেলমেন্টের টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে।
২. ৭ দিনের আল্টিমেটাম: আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে সকল পাওনাদারের টাকা বুঝিয়ে দিতে হবে। এই সময়ের মধ্যে দাবি আদায় না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।
৩. হয়রানি ও ভয়ভীতি বন্ধ: পাওনা টাকা চাওয়ার কারণে কর্মীদের ওপর যে মানসিক চাপ, হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. মিথ্যা অপপ্রচার বন্ধ: গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক কর্মীদের নামে কোনো প্রকার মিথ্যা প্রোপাগান্ডা বা সম্মানহানিকর বক্তব্য প্রচার করা যাবে না। অতীতে করা এ ধরনের সকল মিথ্যা প্রচারণা প্রত্যাহার করতে হবে।
৫. আইনি অধিকারের স্বীকৃতি: শ্রম আইন অনুযায়ী প্রতিটি কর্মীর প্রাপ্য বুঝিয়ে দিয়ে একটি সম্মানজনক সমাধান নিশ্চিত করতে হবে।
তারা আরো বলেন, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা আমাদের ঘাম ও শ্রমের বিনিময়ে অর্জিত ন্যায্য পাওনা চাই। আমরা আশা করি, তৌফিকা গ্রুপ ও লাভেলো আইসক্রিম পিএলসি-এর মালিকপক্ষ আগামী ৭ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে আমাদের পাওনা পরিশোধ করে একটি সুন্দর সমাধান দেবেন। অন্যথায়, আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর