ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ এবার বিল আকারে জাতীয় সংসদে পাস হয়েছে। এর ফলে দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কর্তৃক উত্থাপিত সন্ত্রাসবিরোধী বিল-২০২৬ ‘হ্যাঁ’ ভোটে পাস হয়।
নতুন এই আইনের মাধ্যমে বিদ্যমান সন্ত্রাসবিরোধী আইনকে আরও সংশোধন ও কঠোর করা হয়েছে। সংশোধিত আইনের আওতায়, গণহত্যা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে সংশ্লিষ্ট সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে, যার আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে।
সংসদে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আগে থেকেই সন্ত্রাসবিরোধী আইন কার্যকর থাকলেও সাম্প্রতিক পরিস্থিতি ও জনমতের প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ অধ্যাদেশ জারি করে। ওই অধ্যাদেশে গণহত্যার সঙ্গে জড়িত সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয় এবং সেই আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
এর আগে বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক পুনরায় শুরু হয়। বৈঠকে বিলটি নিয়ে আলোচনা শেষে তা কণ্ঠভোটে পাস হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর