চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার আপ ট্রেনটি কুমিল্লার লাকসামের অদূরে আজগরা এলাকায় লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি নাওটি স্টেশন এলাকায় পৌঁছালে এর ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে।
দুর্ঘটনার পরপরই চালক দ্রুত ট্রেনটি থামিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন, যাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। উদ্ধারকর্মীরা দ্রুত লাইনচ্যুত বগিগুলো সরানোর কাজ শুরু করবেন।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মূল লাইন ক্ষতিগ্রস্ত ও অবরুদ্ধ থাকলেও বিকল্প লাইন সচল থাকায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেনি। বিকল্প রুটে ট্রেন চলাচল অব্যাহত রেখে মূল লাইন দ্রুত সচল করার কাজ চলছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর