চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি প্রেমবাজার থেকে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে (৩৬) অপহরণের তিনদিন পর কক্সবাজার জেলার টেকনাফ থানার আলীখালি রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে উদ্ধার করা হয়েছে।
এ সময় অপহরণকারী চক্রের মূলহোতা সাবেক সেনা ও র্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ (৩২) মোট ৬ জনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) ভোরে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ ও বাঁশখালী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
আটক অন্যরা হলেন, মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।
পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর শনিবার রাত সাড়ে ৮টার দিকে প্রেমবাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান হতে এসআরবি পোশাক পরিহিত অবস্থায় সাবেক সেনা ও র্যাব (এসআরবি) সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। পরে দুষ্কৃতকারীরা বিভিন্ন মোবাইল নাম্বার থেকে ভিকটিমের স্ত্রী এবং দোকানের ম্যানেজার মোজ্জাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা দাবীকৃত টাকা না দিলে ভিকটিমকে হত্যা করার হুমকি দিচ্ছিল।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ হাসানকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বাঁশখালী থানায় মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। আরও তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তাদের মিডিয়ার মুখোমুখি করা হবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর