খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের তত্ত্বাবধানে দীঘিনালা জোনের উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে আয়োজিত এ সহায়তা কার্যক্রমে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোট ৪৮ জন ব্যবসায়ীর হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। এর মধ্যে ৩৪ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে এবং ১৪ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে এ সহায়তা বিতরণ করেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ পিএসসি। এ সময় তিনি বলেন, 'যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের অংশ। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন দ্রুত তাদের ব্যবসা পুনরায় চালু করতে পারেন, সে লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।'
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোন এনসিও ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল হোসেন, বাজার কমিটির সভাপতি সুভাষ সাহা এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় ব্যবসায়ীরা এ সহায়তার জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর