জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তৃণমূল বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মনোবেদনা প্রকাশ্যে এসেছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে সানাকৈর বাজারে মহাদান ইউনিয়নের বঞ্চিত নেতাকর্মীরা এ মতবিনিময় সভার আয়োজন করে। মহাদান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আওয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, মহাদান ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন সেলিম, যুবদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, আনোয়ার হোসেন, আনসার আলী প্রমুখ। এ সময় মহাদান ইউনিয়ন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় বিএনপি নেতা লুৎফর রহমান বলেন, যারা নির্বাচনে ছিল না, মিটিং মিছিলে ছিল না, আজ তারাই প্রাধান্য পাচ্ছে। নির্বাচন মাঠে না থেকেও বিজয়ের পর তারাই শামীম তালুকদারের গলায় মালা পরাল। আর শামীম ভাই হাসতে হাসতে নাচতে নাচতে ঢাকায় চলে গেল। ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ৫ আগস্টের আগে যারা ছিল না, বর্তমানে তাদের কদর একটু বেশি। কদরের মধ্যে বদর ঢুকেছে এইটা আওয়ামী লীগ। ১৭ বছর হামলা, মামলা, নির্যাতনের বিবরণ দিয়ে তিনি আরও বলেন, আমরা খেয়ে না খেয়ে আন্দোলন করেছি। এমপি বানাইছি। এখন তিনি আমাদের কথা শুনেন না। তিনি শুনেন ভুট্টো খানের কথা। বক্তারা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার বিষয়টি এমপি মহোদয়ের নিকট উপস্থাপন করে সুরাহা করার দাবি জানান।
এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াহাব বলেন, নেতাকর্মীদের মধ্যে রাগ, গোস্যা, ক্ষোভ নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। আমরা নেতাকর্মীদের টাইটের মধ্যে রাখছি। তারা কোনো সুযোগ সুবিধা পাইতেছে না। যার জন্য ক্ষোভের সৃষ্টি হইছে। আওয়ামী লীগ জামায়াতের লোকজনের বিষয়ে অভিযোগের সত্যতা স্বীকার করে তিনি আরও বলেন, অনেক বিষয়ে কেউ জেনে না জেনে বলে থাকেন। তবে মিটিংয়ের পর আর কোনো অভিযোগ থাকবে না।
মত বিনিময় সভার বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল আওয়াল বলেন, এইটা আসলে ঐ ভাবে না। নির্বাচনে বিরোধীতাকারীদের ফুল দেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, হতাশ হওয়ার কিছুই নাই। শামীম তালুকদার তৃণমূল পর্যায় থেকে এই পর্যায়ে আসছে। ইনশাল্লাহ, তিনি তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করবেন বলে আমার বিশ্বাস।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর