গ্যাস সরবরাহ ব্যবস্থায় গ্রাহকবান্ধব ও সহজীকরণ সেবা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর অধীন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের ক্রমবর্ধমান গ্যাস চাহিদা মোকাবিলা এবং আন্তর্জাতিক চর্চা বিশ্লেষণ করে সেবাকে আরও সহজ ও গ্রাহকবান্ধব করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
(ক) গ্যাস সরঞ্জামের অনুমোদিত ঘণ্টাপ্রতি লোড অপরিবর্তিত রেখে সরঞ্জাম পুনর্বিন্যাস ও প্রতিস্থাপন করা যাবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির তালিকাভুক্ত ঠিকাদার দ্বারা কমিশনিং কাজ সম্পন্ন করতে হবে। এজন্য আলাদা করে গ্যাস বিতরণ কোম্পানির অনুমতি লাগবে না।
(খ) একই আঙিনায় অবস্থিত এবং একই মালিকানাধীন আরেকটি শিল্প ইউনিটের অব্যবহৃত গ্যাস লোড সংশ্লিষ্ট গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা আঞ্চলিক প্রধানের অনুমোদন সাপেক্ষে স্থানান্তর করা যাবে।
(গ) একই আঙিনার ভেতরে একই মালিকানাধীন শিল্প ইউনিটে ক্যাপটিভ পাওয়ার শ্রেণির গ্যাস লোড প্রয়োজনে শিল্প শ্রেণিতে স্থানান্তর করা যাবে। তবে শিল্প শ্রেণিতে নির্ধারিত লোড কোনোভাবেই ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে স্থানান্তর করা যাবে না।
(ঘ) মিটার স্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ ও বিপণন কোম্পানিকে স্থাপন সম্পন্ন করে মান যাচাই করতে হবে।
সরকার জানিয়েছে, এসব নির্দেশনার লক্ষ্য হলো গ্যাস ব্যবস্থাপনাকে আরও দ্রুত, স্বচ্ছ ও ব্যবহারকারী-বান্ধব করা।
সাজু/নিএ
সর্বশেষ খবর