ইরান সফর থেকে বিরত থাকতে ভারতীয় নাগরিকদের প্রতি জোরালো পরামর্শ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই দেশের মধ্যে সীমিত ফ্লাইট পরিচালনার খবরের প্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়। এছাড়া বর্তমানে ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে তেহরানে ভারতীয় দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত স্থল সীমান্তপথ ব্যবহার করে দেশ ত্যাগ করতে হবে বলেও জানায় সরকার।
ইরানে ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানায়, ‘ভারতীয় নাগরিকদের বিমান বা স্থলপথ; কোনো মাধ্যমেই ইরান ভ্রমণ না করার জন্য জোরালোভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। আঞ্চলিক উত্তেজনার কারণে আকাশসীমা সংক্রান্ত বিধিনিষেধ ও অনিশ্চয়তা এখনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় প্রভাব ফেলছে।’
দূতাবাস আরও জোর দিয়ে জানায়, ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের অবশ্যই সরকারি সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত স্থলপথ ব্যবহার করেই দেশ ত্যাগ করতে হবে। নাগরিকদের সহায়তায় দূতাবাস হেল্পলাইন নম্বর ও ইমেইল আইডিও দিয়েছে তারা।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসন শুরুর পর থেকেই ইরানের অধিকাংশ বিমানবন্দর বন্ধ রয়েছে। তবে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ধাপে ধাপে আকাশসীমা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। প্রথমে ট্রানজিট ফ্লাইট, এরপর পূর্বাঞ্চলীয় বিমানবন্দরগুলো থেকে সীমিত ফ্লাইট পরিচালনা শুরু হবে।
তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদসহ প্রধান বিমানবন্দরগুলো পরবর্তী ধাপে চালু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের মাশাদ বিমানবন্দর থেকে সীমিত আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে।
সূত্র: এবিপির।
মাসুম/সাএ
সর্বশেষ খবর