রাজবাড়ীর পাংশা উপজেলায় মামলা প্রত্যাহারকে কেন্দ্র করে এক পরিবারের বাড়িতে হামলা,ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার শিহড় গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোঃ হৃদয় মন্ডল, একই এলাকার মোঃ শুকুর মন্ডলের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালে জমি সংক্রান্ত বিরোধের জেরে হৃদয় মন্ডলের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন ধরে সেই মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন অভিযুক্তরা।
ভুক্তভোগীর পরিবারের , বৃহস্পতিবার সকালে অভিযুক্ত মোঃ ওহাব মন্ডল, মোঃ আজিজ, মোঃ আনোয়ার, মোঃ জিল্লু, মোঃ জিকু, মোঃ হনু, মোঃ রিজাই ও শাহিন সহ আরও কয়েকজন তার বাড়িতে এসে হামলা চালায়।
এ সময় তারা বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে এবং বৃদ্ধ শুকুর মন্ডল ও তার স্ত্রীকে মারধর করে।
ঘটনার পর হৃদয় মন্ডল পাংশা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তবে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। ওহাব ও আজিজ মন্ডলের স্ত্রীরা জানান, তারা মামলা তুলে নেওয়ার বিষয়ে কথা বলতে গেলে হৃদয় মন্ডল পক্ষ থেকেই তাদের স্বামীদের মারধর করা হয়। পরবর্তীতে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন,অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর